সিলেটে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি

ফাইল ছবি
সিলেট সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত প্রায় ১০টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক জব্দ করা হয়।
আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১৯ এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে উপজেলার কালীগঞ্জের রায়গঞ্জ এলাকার আটগ্রামে বিজিবি ও র্যাব যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পেট্রোবাংলা পয়েন্ট সংলগ্ন রায়গ্রাম এলাকার একটি যাত্রীছাউনির আশপাশে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫টি পাওয়ার জেল ও ১৭টি ডেটোনেটর উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ১৯ বিজিবির অধিনায়ক মো. জুবায়ের আনোয়ার জানান, উদ্ধার করা জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

