আগামীর সময়

ব্রহ্মপুত্রে জেলের জালে দুই বস্তা, যা মিলল ভেতরে

ব্রহ্মপুত্রে জেলের জালে দুই বস্তা, যা মিলল ভেতরে

সংগৃহীত ছবি

ব্রহ্মপুত্র নদে মাছ ধরার সময় জেলেদের জালে আটকা পড়ল বড় দুটি বস্তা। মরদেহ ভেবে তোলা হলো টেনে। ডাকা হলো পুলিশ। বস্তার মুখ খুলতেই বেরিয়ে এলো সরকারি হাসপাতালের বিভিন্ন ওষুধ।

ময়মনসিংহের গফরগাঁওয়ে বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান।

থানা পুলিশের বর্ণনা, উপজেলার তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন মসজিদ এলাকার ব্রহ্মপুত্র নদীতে সকালে মাছ ধরছিলেন স্থানীয় জেলেরা। জাল টেনে তোলার সময় মুখ বাঁধা দুটি বড় পাটের বস্তা তাদের চোখে পড়ে।

পুলিশ গিয়ে ভেতরে পায় বিভিন্ন ওষুধ। থানায় নিয়ে গেলে তা সরকারি ওষুধ বলে শনাক্ত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জামাল উদ্দিন।

‘উদ্ধার হওয়া ওষুধগুলো ২০২৩ সালের। সে সময় কেউ হয়ত বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। বস্তায় ভরা থাকায় এবং ওষুধের প্যাকেট সহজে নষ্ট না হওয়ায় সেগুলো নদীর তলদেশে এতদিন অক্ষত রয়ে গেছে’- প্রাথমিক ধারণা ডা. জামালের।

‘বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং এ ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পুলিশকে সব ধরনের সহযোগিতা করা হবে’- যোগ করেন তিনি।

এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছেন গফরগাঁও থানার ওসি আতিকুর রহমান।

    শেয়ার করুন: