মাটি খুঁড়তেই বের হলো ৩২৫ রাউন্ড গুলি!
নওগাঁ প্রতিনিধি

সংগৃহীত ছবি
নওগাঁর বদলগাছী উপজেলার একটি ফসলের মাঠে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো বিপুল পরিমাণ রাইফেলের গুলি। যা এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
রবিবার (২৯ মার্চ) সকালে উপজেলার আধাইপুর ইউনিয়নের দেউলিয়া গ্রামের মাঠে কাজ করার সময় কয়েকজন কৃষক কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে হঠাৎ গুলি দেখতে পান। বিষয়টি সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, ‘উদ্ধার করা গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল। কীভাবে এবং কারা এগুলো সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টির রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।

