রমেকে ভর্তি হামে আক্রান্ত চার শিশু, বোর্ড গঠন করে চলছে চিকিৎসা

ছবিঃ আগামীর সময়
হামে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চার শিশুকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত সপ্তাহ থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা আসতে শুরু করেছে। রবিবার পর্যন্ত ৪ শিশু ভর্তি হয়েছে এ হাসপাতালে।
তাদের মধ্যে ২৩ মার্চ লালমনিরহাট সদর উপজেলার আব্দুস সালামের কন্যা আমাতুল্লাহ জান্নাত (৮ মাস), ২৫ মার্চ দিনাজপুর জেলার পাবর্তীপুরের রণজিৎ রায়ের মেয়ে প্রজ্ঞা রায় (৭ মাস), ২৯ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আলামিনের ছেলে আরাফাত (২ বছর) ও একই দিন রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদের ছেলে সাইয়েম আহম্মেদকে (৯ মাস) ভর্তি করা হয় রমেক হাসপাতালে।
আক্রান্তদের শিশু বিভাগ থেকে স্থানান্তর করে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলছেন, আইসুলেশন ওয়ার্ডে শিশুদের জন্য অক্সিজেন সরবরাহসহ চিকিৎসার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ছেলে হাসপাতালে ভর্তি করানো রংপুর নগরীর তাজহাট এলাকার সোহাগ আহম্মেদ জানান, রবিবার সকাল থেকে বাচ্চার শরীরে র্যাশ ওঠা শুরু হয়। সকাল ৯টার পর থেকে বেশি পরিমাণ র্যাশ উঠতে শুরু করায় শিশু চিকিৎসককে দেখালে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেছেন, ‘রোগীরা যেন ভালো চিকিৎসা পায় সেই লক্ষ্যে হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. আ ন ম তানবীর আহমেদকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। রোগীর চাপ বাড়লেও চিকিৎসার জন্য সার্বিক প্রস্তুতি রয়েছে। হাম নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

