আগামীর সময়

ঈদ যাত্রার শেষ দিনে যানবাহনের চাপহীন পদ্মা সেতু

ঈদ যাত্রার শেষ দিনে যানবাহনের চাপহীন পদ্মা সেতু

ছবিঃ আগামীর সময়

রাত পোহলেই পবিত্র ঈদুল ফিতর। আজ ঈদযাত্রার শেষদিনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাত্রীরা বাড়ি ফিরছে পদ্মা সেতু হয়ে। তবে গত তিনদিনের চেয়ে এ পথে আজ যানবাহনের চাপ অনেকটাই কম।

শুক্রবার (২০ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, পদ্মা সেতুর টোল প্লাজায় থেমে থেমে ব্যাক্তিগত যানবাহন-গণপরিবহন ও মোটরসাইকেলে যাত্রীরা আসলেও নেই কোনো জট বা দীর্ঘ সারি। এতে সহজেই স্বাচ্ছন্দ্যে শেষ সময়ের ঈদ যাত্রীরা বাড়ির পানে ছুটছে এই পথে।

কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, নানা কারণে যারা ঢাকায় থেকে গিয়েছিল তারাই শেষ সময়ে বাড়ি ফিরছেন।

ইসরাত জাহান নামের এক নারী যাত্রী জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। ২৯ রোজা হলে ঢাকায় ঈদ করার পরিকল্পনা ছিল তাদের। তবে যেহেতু একদিন বেশি সময় পাওয়া গেছে তাই ঢাকা থেকে যশোর যাচ্ছেন তারা।

মোটরসাইকেল যাত্রী ফয়সাল হোসেন জানান, টিভিতে কয়েকদিন যাত্রীদের চাপ দেখে আজকে রওনা দিয়েছেন তিনি। আজ রাস্তা ঘাট অনেকটাই ফাঁকা তাই পরিবারের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে বাড়ি ফিরছেন।

এদিকে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পারাপার হয়েছে ৩৯ হাজার ২৪০টি যানবাহন, এতে টোল আয় হয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা। আর ঈদযাত্রা তিনদিন ১৭, ১৮ ও ১৯ মার্চ মোট ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পদ্মা সেতু পারাপার করেছে। এতে টোল আদায় হয়ে ১৩ কোটি ২১ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আবু সাদ বলেছেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তদারকি অব্যাহত রয়েছে। দ্রুত টোল আদায়ে মাওয়া প্রান্তে ১০টি ও জাজিরা প্রান্তে ৯টি টোল বুথ সচল রয়েছে।

    শেয়ার করুন: