আগামীর সময়

হাসপাতালে আগুন আতঙ্ক, দৌড়ে পালালেন সবাই

হাসপাতালে আগুন আতঙ্ক, দৌড়ে পালালেন সবাই

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় রোগী, স্বজন ও কর্মীরা দৌড়ে হাসপাতাল থেকে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুনের কোনো ঘটনা না পেয়ে সবাইকে আশ্বস্ত করলে দুই ঘণ্টা পর রোগীরা হাসপাতালের বেডে যান।

জানা যায়, রবিবার রাত ১০টার দিক জেলার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ষষ্ঠ তলায় একজন রোগীকে সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ করে অক্সিজেন সিলিন্ডার লিকেজ হয়ে বিকট শব্দে অক্সিজেন বের হতে থাকে। নিমিষেই ভবনের ষষ্ঠ তলা কুয়াচ্ছন্ন হয়ে পড়ে। আগুন লাগার ভয়ে ভর্তি রোগী ও তাদের স্বজনরা দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসেন। তদন্তের পর রোগী ও স্বজনদের আশ্বস্ত করলে রাত সাড়ে ১১টার দিকে রোগীরা বেডে ফিরে যান।

এ বিষয়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইব্রাহিম বলছিলেন, আমার এক নার্স আমাকে ফোন করে বিষয়টা জানান। পরে আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানালে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। মূলত গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বা কোনো আগুন ধরেনি।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষের ভাষ্য, আমরা তাৎক্ষণিক এসে দেখি এখানে গ্যাস সিলিন্ডার লিকেজ নেই। বরং অক্সিজেনের পাইপে লিকেজ ছিল এবং সেটা থেকে অক্সিজেন বের হচ্ছিল। হাসপাতালে আগুন ধরেনি।

    শেয়ার করুন: