আগামীর সময়

খুলনা

মাত্র ৫০০ টাকার জন্য পাওনাদারের ইটের আঘাতে চা বিক্রেতা নিহত

মাত্র ৫০০ টাকার জন্য পাওনাদারের ইটের আঘাতে চা বিক্রেতা নিহত

প্রতীকী ছবি

খুলনায় মাত্র ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে পাওনাদারের ইটের আঘাতে দেনাদার চা বিক্রেতা দীন মোহাম্মদ (৫০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ভবানীপুর বাজারে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত চা বিক্রেতা দীন মোহাম্মদ রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাশেম ঢালীর ছেলে। ইটের আঘাতে দীন মোহাম্মদের নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর।

স্থানীয় সূত্র পুলিশ জানায়, ভবানীপুর বাজারে চা বিক্রেতা দীন মোহাম্মদের কাছে একই বাজারের কসাই খায়ের লস্করের ৫০০ টাকা পাওনা ছিল। মঙ্গলবার বিকেল ৪টার দিকে দীন মোহাম্মদের কাছে কসাই খায়ের লস্কর তার বকেয়া ৫০০ টাকা দাবি করেন। নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত খায়ের লস্কর চা বিক্রেতা দীন মোহাম্মদের মাথায় ইট দিয়ে আঘাত করেন। ইটের আঘাতে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ঘটনার পর অভিযুক্ত কসাই খায়ের লস্কর পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

    শেয়ার করুন: