নির্বাচিত হয়েও কেন শপথ নিতে চান না হান্নান, জানালেন কারণ

বিএনপি আমাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ না করা পর্যন্ত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করব না। দলীয় আদর্শ ও রাজনীতির প্রতি আজীবনের অঙ্গীকার অটুট থাকবে বলে জানিয়েছেন চাঁদপুর-৪ আসনের স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান।
শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এম এ হান্নান বলেন, ছাত্রজীবন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপির রাজনীতি করে আসছি এবং ভবিষ্যতেও করব। একটি ‘কুচক্রী মহল’ অতীতে তার দলীয় মনোনয়ন বাতিল করাতে ভূমিকা রেখেছিল। এবারও একই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। তবে ফরিদগঞ্জের জনগণ ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ সমর্থনে জনগণের প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছি।
তিনি আরো বলেন, আমি কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নির্বাচন করিনি। নির্বাচন করেছি একটি জনবিচ্ছিন্ন চক্রের বিরুদ্ধে। পরাজিত পক্ষ নির্বাচন-পরবর্তী সময়ে সহিংসতা ও অপপ্রচারে জড়িয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন— সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, বিএনপি নেতা সফিউল আলম বাশার মুকুল পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন প্রমুখ।

