শিল্পাঞ্চলে ভোট ছুটির হাওয়া

সংগৃহীত ছবি
ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আনন্দ কার না হয়। বছর ঘুরে ঈদ আসলেও ভোট তো আর বছর ঘুরে আসে না। এবার সংসদ নির্বাচন উৎসবমুখর। বিগত তিনটি সংসদ নির্বাচন সেই অর্থে হয়নি। কোনোটা রাতে ভোট। কোনোটা একতরফা। ফলে বহু বছর ভোট প্রয়োগের অধিকার থেকে বঞ্চিত ছিল ভোটাররা।
এবার খুলেছে ভোট প্রোয়োগের দুয়ার। নির্বাচন উপলক্ষ্যে দুইদিন ছুটি। সঙ্গে দুইদিন আরও সাপ্তাহিক ছুটি। এই টানা ছুটির হাওয়া এখন সাভার আশুলিয়ার শিল্পাঞ্চলে। অনেক শ্রমজীবী ঈদ ছুটির মতোই বাড়ি গেছেন ভোট ছুটিতে।
বুধবার সকালে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়ক মহাসড়ক গুলোতে নেই চিরচেনা যানবাহনের সেই চাপ। যে কারণে ব্যস্ততময় নগরীতে অনেকটাই স্বস্তি ফিরেছে সড়ক ব্যবহারকারীদের।
এদিকে ভোটের টানে বাড়ি ফেরা যাত্রী নিয়ে বেশিরভাগ গাড়ি শহর ছেড়ে যাওয়া স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য অনেকেই ব্যবহার করছেন থ্রিহুইলারসহ তিন চাকার অন্যান্য বাহন।
সাভার হাইওয়ে পুলিশ জানায়, ভোটের ছুটিতে গত দুই দিন মহাসড়কে মানুষ ও যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও আজকের পরিস্থিতি একদমই স্বস্তিদায়ক। মহাসড়কের কোথাও কোন যানজট বা ভোগান্তি নেই।

