আগামীর সময়

পাবনা

আ. লীগ কার্যালয়ে গতকাল পতাকা উত্তোলন, আজ আগুন

আ. লীগ কার্যালয়ে গতকাল পতাকা উত্তোলন, আজ আগুন

ফাইল ছবি

পাবনা জেলায় গতকাল শুক্রবার আওয়ামী লীগের কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় পতাকা উত্তোলন হয়। কাল বিকেলে দলের কয়েকজন নেতা কর্মী কার্যালয়ে উপস্থিত হয়ে পতাকা উত্তোলন করে। উত্তোলনের ২৪ ঘণ্টা যেতে না যেতেই আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

২৪ গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয় নেতা কর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্য শহরের আব্দুল হামিদ সড়কে জেলা আওয়ামী লীগের কার্যালয়। গত ৫ আগস্টের পর থেকে কার্যালয়টি পুরোপুরি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর মধ্যেই হঠাৎ গতকাল শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা কর্মী কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে স্লোগান দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, নেতা কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী তৌফিক ইমাম খান, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান ও পৌর আওয়ামী লীগ নেতা রহমান। এ সময় তাদের সঙ্গে আরও দুই তিনজন স্লোগান দিচ্ছেন।

উত্তোলনের ২৪ ঘণ্টা যেতে না যেতেই আজ বিকেলে কার্যালয়টিতে আবার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিকেলে কয়েকজন তরুণ টায়ার নিয়ে কার্যালয়টিতে প্রবেশ করেন। ভেতরে পোড়ানোর মতো আর কিছু না থাকায় তারা কার্যালয়ের ভেতরে টায়ার জ্বালিয়ে কিছুক্ষণ উল্লাস করেন। পরে আগুন জ্বালিয়ে রেখেই চলে যান।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    শেয়ার করুন: