শিশুকে ঢাল বানিয়ে ইয়াবা পাচার, দম্পতি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজার এলাকায় যৌথ অভিযানে শিশুসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব। তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির ৮ গ্রাম পাউডার এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ।
গতকাল বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে চলে এই অভিযান।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা গ্রামের আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবি আক্তার (২৩)।
অভিযানসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নোয়াখালী ও র্যাব-৭, সিপিসি-১ ফেনী টিম যৌথভাবে সেবারহাট পূর্ব বাজার এলাকায় অভিযানে যায়। এ সময় ফুটপাতে সন্দেহজনক গতিবিধি দেখে আটক করা হয় ওই দম্পতিকে। তাদের সঙ্গে থাকা ব্যাগে মেলে বিপুল ইয়াবা ও ইয়াবার পাউডার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে অধিদপ্তরের কর্মকর্তা সুব্রত জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে শিশুসন্তানকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে ইয়াবা পাচার করছিল দম্পতি। আগেও একাধিকবার সেনবাগ এলাকায় ইয়াবার চালান সরবরাহ করেছেন তারা।
এ ঘটনায় ডিএনসির পরিদর্শক মো. সাইফুল ইসলাম মামলা করেছেন বলেও জানালেন সুব্রত।



