ঠাকুরগাঁও
কালবৈশাখীর তাণ্ডব, স্কুলছাত্রের মৃত্যু
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়ালচাপায় রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ র্ঘটনা ঘটে। রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আকস্মিক কালবৈশাখী ঝড় শুরু হলে প্রবল বাতাসে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। ইটের দেয়ালের উপরের অংশ ভেঙে ঘুমন্ত রেজোয়ানের উপর পড়ে। ঘটনাস্থলেই মারা যায় সে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী।

