দিনাজপুর:
লাখো মুসল্লির নামাজের জন্য প্রস্তুত হচ্ছে গোর-এ শহীদ ময়দান

ছবিঃ আগামীর সময়
ঈদের নামাজের জন্য প্রস্তুত হচ্ছে দিনাজপুরের গোর-এ শহীদ বড়মাঠ। লাখো মুসল্লির নামাজের ব্যবস্থা রেখে গোর-এ শহীদ ময়দানে শেষ মুহুর্তের কাজ চলছে। এই ময়দানে ঈদের প্রধান জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে মাঠটিতে প্রবেশের জন্য ২০টি গেট স্থাপন করা হয়েছে। এছাড়াও ঈদ জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমনটি জানিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. রিয়াজউদ্দিন।
'ঐতিহাসিক গোর ও শহীদ বড় ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত আয়োজন উপলক্ষে জেলা প্রশাসন, দিনাজপুর পৌরসভা ও জেলা পরিষদের সম্মিলিত উদ্যোগে মাঠের সার্বিক প্রস্তুতির কাজ চলমান রয়েছে।' জানান তিনি।
তিনি বললেন, আশা করা যাচ্ছে নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই সব প্রস্তুতি সম্পন্ন হবে। মুসল্লিদের নির্বিঘ্নে প্রবেশ ও বের হওয়ার সুবিধার্থে মাঠের চারপাশে মোট ২০টি গেট স্থাপন করা হয়েছে।
এছাড়া মুসল্লিদের জন্য পর্যাপ্ত যানবাহন পার্কিংয়ের ব্যবস্থাও রাখা হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ সুপার জেদান আল মুসা জানান, পবিত্র ঈদুল ফিতরের দিন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
'মুসল্লিদের নিরাপদ ও নির্বিঘ্নে নামাজ আদায়ের জন্য পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবেন।' যোগ করেন তিনি।

