তরুণদের বাস্তবমুখী শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ছবি: আগামীর সময়
বাস্তবমুখী দক্ষতা ও ইতিবাচক মানসিকতাই ব্যবসা-বাণিজ্যকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তরুণদের যুগোপযোগী জ্ঞান, নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত জরুরি। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
আজ শুক্রবার সিলেটের আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এআইবিএ) আয়োজিত ‘ভবিষ্যৎ ব্যবসায়িক নেতৃত্ব গড়ার অনুপ্রেরণামূলক বক্তব্য’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়িক অগ্রগতিতে তরুণ প্রজন্মকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এ জন্য শিক্ষার্থীদের শুধু পাঠ্য বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী দক্ষতা, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নৈতিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।’
‘সফল উদ্যোক্তা হতে হলে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সৃজনশীলতা এবং সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অপরিহার্য। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।’—যোগ করেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, সামরিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বক্তারা এ ধরনের আয়োজনকে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত সহায়ক বলে মন্তব্য করেন।



