আগামীর সময়

‘ডিসি গাদ্দারি করেছেন তাই বদলি করে দিয়েছি, সরকার আমাদের’

‘ডিসি গাদ্দারি করেছেন তাই বদলি করে দিয়েছি, সরকার আমাদের’

ছবিঃ আগামীর সময়

​স্বাধীনতা দিবসের আলোচনা সভায় কুষ্টিয়া-৪ আসনের বিএনপি নেতা ও সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমীর দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

গত নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি দাবি করলেন, তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা প্রশাসন তার সঙ্গে ‘গাদ্দারি’ করেছে। সেই ডিসিকে ‘ইচ্ছা করে বদলি’ করে দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এমন দাবি করলেন বিএনপি

কুষ্টিয়ার বর্তমান জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রুমীর এমন রাজনৈতিক ও আক্রমণাত্মক বক্তব্যে উপস্থিত সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি ছড়িয়ে পড়ে।

‘নির্বাচন সুষ্ঠু হলে আমি এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতাম। আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের কিছু গাদ্দার ও আমাদের দলের কিছু গাদ্দার মিলে এই কাজ করেছে। আমি ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছি, কিন্তু আগের জেলা প্রশাসক ইকবাল হোসেন, কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসন আমার সঙ্গে বেইমানি করেছে,’ বলছিলেন তিনি।

‘আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করে দিয়েছি। কারণ, গর্ভমেন্ট তো আমাদের। আমি একজন সিনিয়র লোক, ৭৩ বছর বয়স আমার। তিনি এমন কাজ করবেন বুঝতে পারিনি, পারলে আগেই ব্যবস্থা নিতাম,’ যোগ করলেন তিনি।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, পুলিশ সুপার জসীম উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম টুকুসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সাবেকএমপি রুমী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হয়ে নির্বাচন করে পরাজিত হন। এ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত প্রার্থী মো. আফজাল হোসেন।

    শেয়ার করুন: