আগামীর সময়

বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যা

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৪ মার্চ) উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ মার্চ) সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রাখালহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন শিশু পটকাবাজি ফোটাচ্ছিল। এ সময় বাজির ফুলকি গিয়ে পড়ে প্রতিবেশী মন্টু শিকদার-এর স্ত্রী অমৃতি শিকদার-এর কাপড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য সুব্রত শিকদারের স্ত্রী বনানী শিকদার (৩৫)-এর সঙ্গে প্রতিবেশীদের কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে উত্তেজিত হয়ে মন্টু শিকদার হালচাষের লাঠি দিয়ে বনানীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মাদারীপুর ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীনদী ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এ বিষয়ে কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তোলক শিকদার (৪৪), মনির শিকদার (৩৮) ও রবি শিকদার (৪২) নামে তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শেয়ার করুন: