মাদারীপুর-১
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চাইলেন আ. লীগ নেতারা

সংগৃহীত ছবি
মাদারীপুর-১ (শিবচর) আসনে নির্বাচনী প্রচারণা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এই আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাদিরা আক্তারকে একটি নির্বাচনী উঠান বৈঠকে কার্যক্রম নিষিদ্ধ ও অঙ্গসংগঠনের অন্তত ২০ জন নেতার সঙ্গে একই মঞ্চে দেখা গেছে। শুধু তাই নয়, বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা উঠান বৈঠকে হাজির হয়ে জ্বালাময়ী বক্তব্যও দিয়েছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ধানের শীষে ভোট চেয়েছেন।
ঘটনাটি গতকাল মঙ্গলবার সন্ধ্যার। সে সময় শিবচর পৌরসভার খান বাড়িতে উঠান বৈঠক হচ্ছিল। বিষয়টি নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগের নেতারা বলেন, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন।
বিএনপির একাংশের নেতাকর্মীরা বলছেন, মাদারীপুর-১ আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা। জেলার বর্তমান ও সাবেক সব জনপ্রতিনিধি আওয়ামী লীগ ও সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের অনুসারী। সাবেক এই সংসদ সদস্যের সবুজ সংকেত পাওয়ার পর থেকে দলটির পলাতক নেতাকর্মীরা প্রকাশ্যে উঠান বৈঠকগুলোয় হাজির হয়ে বিএনপির প্রার্থীর প্রচারণায় অংশ নিয়েছেন। এর ফলে নাদিরা আক্তার তার প্রতিদ্বন্দ্বী দুই বিদ্রোহী প্রার্থীর তুলনায় ভোটের মাঠে এগিয়ে গেছেন।
সূত্র জানায়, মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার গত সোমবার থেকে আওয়ামী লীগের নেতাদের নিয়ে উঠান বৈঠক করছেন। গতকাল উঠান বৈঠকে পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক জহের গোমস্তা, সদস্য আবু জাফর চৌধুরী, পৌর বিএনপির সদস্যসচিব আজমল খানসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা। উঠান বৈঠকটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহেল রানা।
উঠান বৈঠকে শিবচর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন খান ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তিন মিনিট বক্তব্য দেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বক্তব্য শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলেন।
বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, আমাদের দলের চেয়ারম্যান বলেছেন, সবার আগে বাংলাদেশ। তাই আমরা বলব, সবার আগে শিবচর। আমরা এক ও ঐক্যবদ্ধভাবে চলব। ঐক্যবদ্ধভাবে বিএনপিকে বিজয়ী করে আনতে হবে। ঐক্যবদ্ধ না থাকলে আমাদের আশা–আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না। কে কোন দল করল সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো, আমরা সবাই মানুষ।
তিনি বলেন, আগামীতে কারো নামে কোনো মিথ্যা মামলা শিবচরে থাকবে না। নির্বাচনের পর আপনাদের (আওয়ামী লীগ নেতাদের) কোনো অযথা হয়রানি করা হবে না। আমরা এক ও ঐক্যবদ্ধ থাকলে শিবচরকে আধুনিক হিসেবে গড়ে তুলতে কঠিন হবে না। আমরা ঐক্যবদ্ধভাবে শিবচরকে গড়ব।
উল্লেখ্য, বিএনপি প্রথমে মাদারীপুর-১ আসনে শিবচর বিএনপির সদস্য কামাল জামান মোল্লাকে মনোনয়ন দেয়। পরে মনোনয়ন না পেয়ে সাজ্জাদ হোসেন সিদ্দিকীর সমর্থকেরা অসন্তোষ প্রকাশ করলে তার মনোনয়ন স্থগিত করা হয়। দ্বিতীয় দফায় মনোনয়ন পান জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরা আক্তার। সম্প্রতি এই আসনের দুই বিদ্রোহী প্রার্থীসহ উপজেলা বিএনপির ১০ জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

