আগামীর সময়

ভাওয়াল কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

ভাওয়াল কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বিজয় দিবসের কনসার্টকে কেন্দ্র করে এক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নাম পাভেল (২৫)। এ ঘটনার জন্য তিনি ছাত্রলীগকে দায়ি করেছেন। তবে অভিযুক্ত আরিফুর রহমান আবির ছাত্রদলের কলেজ শাখার সদস্য সচিব বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৬মার্চ) বেলা ৩টার দিকে কলেজ শাখা ছাত্র সংসদের ভেতরে এই ঘটনা ঘটে। আহত পাভেল ওই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের নিয়মিত শিক্ষার্থী। সে কলেজ সংলগ্ন স্থানীয় ইটাহাটা এলাকার বদিউজ্জামান বদির ছেলে।

আহত শিক্ষার্থী পাভেলের প্রতিবেশী ইফতি জানায়, বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে সবার আগে বাংলাদেশ কনসার্ট নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আবির চাইনিজ কুড়াল দিয়ে পাভেলের উপর আক্রমণ করে। এ সময় পাভেল নিজেকে হাত দিয়ে রক্ষা করতে গিয়ে তার হাতের রগ কেটে যায় এবং মাথায় আঘাত পায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আহত শিক্ষার্থী পাভেল বলছিলেন, কলেজের ছাত্রসংসদে কিছু ছেলে মেয়েদের উত্ত্যক্ত করছিল। ছাত্রলীগ নেতা আবিরের নেতৃত্বে তারা আগেও এমন ঘটনা ঘটিয়েছে। তারাসহ বহিরাগত লোক এসে কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করে। ছেলেদের র‌্য্যাগ করে এবং মেয়েদের ইভটিজিং করে। ছাত্রসংসদের মেয়েদের উত্ত্যক্ত করার সময় তাদের বাধা দিলে ১৫-২০জন ওই কক্ষে ঢুকে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা করে, তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে।

গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুরের ভাষ্য, আমি যতটুকু জেনেছি, হাতের রগ কাটার বিষয়টি সঠিক না। নারী সংক্রান্ত একটি বিষয়ে তাদের মধ্যে বিরোধে মোটরসাইকেলের চাবির আঘাতে পাভেল মাথায় এবং হাতে আঘাত পেয়েছেন।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ওসি হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে কয়েকজন বন্ধুবান্ধবের মধ্যে একটি ঘটনাকে কেন্দ্র করে মোটরসাইকেলের চাবির আঘাতে একজনের হাতে জখম হয়েছে বলে শুনেছি। এখানে রগ কাটা হয়েছে বলে আমার জানা নেই।



    শেয়ার করুন: