সিলেটে কেন্দ্রের ভেতরই প্রিসাইডিং অফিসারকে মারধর

রাতের বেলায় ১১-দলীয় জোটের প্রার্থীর এজেন্টের কেন্দ্রে প্রবেশ করাকে ঘিরে সিলেটের বালাগঞ্জ উপজেলায় এক প্রিসাইডিং কর্মকর্তা মারধরের শিকার হয়েছেন। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেওয়ায় ওই প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং অফিসার।
জানা গেছে, রাত ৮টার দিকে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নের মহিশাষী ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শরিক বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুসলেহ উদ্দীনের এক এজেন্ট। খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিকের অনুসারীরা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। রাতে বেলায় প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে কেন ঢুকতে দেওয়া হল তা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপির কর্মীরা প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করেন।
পরে রাত ১টার দিকে বিএনপির প্রার্থী এম এ মালিকের পক্ষ থেকে বলা হয়, মহিশাষী ভোট কেন্দ্রে একটি গোষ্ঠী ভোট ডাকাতির চেষ্টা চালায়। ঘটনার খবর পেয়ে বিএনপির প্রার্থী এম এ মালিক সেখানে যাচ্ছেন।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা সারওয়ার আলম বলেন, রাতের বেলা কেন্দ্রের ভেতরে যাওয়ার কারও সুযোগ নেই। প্রিসাইডিং কর্মকর্তা কেন প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দিলেন, সেজন্য তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে প্রিসাইডিং কর্মকর্তার ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনাও দেওয়া হয়েছে।

