আগামীর সময়

রংপুরে ৮৫ পাম্পে ৮৫ ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

রংপুরে ৮৫ পাম্পে ৮৫ ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

ছবিঃ আগামীর সময়

রংপুরে জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং তদারকি জোরদার করতে ৮৫ জন ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট পাম্পগুলোতে অবস্থান নিয়ে তদারকি শুরু করেছেন।

তবে প্রশাসনের এই তৎপরতার মধ্যেও পাম্পগুলোতে তেলের তীব্র সংকট ও গ্রাহকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

রংপুর জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ৮৫টি জ্বালানি তেল পাম্পে বিভিন্ন পর্যায়ের ৮৫ জন কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা প্রতিদিন পাম্পের তেল বিক্রি ও মজুত কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করবেন।

প্রশাসনের নজরদারি থাকলেও মাঠপর্যায়ে তেলের সংকট এখনো কাটেনি। সোমবার সকাল থেকে বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তেল না পেয়ে অনেক গ্রাহককে ক্ষোভ নিয়ে ফিরে যেতে দেখা যায়। ভুক্তভোগী চালকরা অবিলম্বে পরিস্থিতি স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, রবিবার পর্যন্ত জেলার ডিপোগুলোতে ৭ হাজার ৫২২ লিটার ডিজেল, ৩৩ হাজার ৫০০ লিটার পেট্রোল, ১৪ হাজার লিটার অকটেন এবং ২৭ হাজার লিটার কেরোসিন মজুত ছিল।

তবে নিরাপত্তা শঙ্কার কারণে রংপুরের তিনটি জ্বালানি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

‘আগে পাম্পগুলো সপ্তাহে মাত্র দুবার পেট্রোল ও অকটেন নিলেও বর্তমানে প্রতিদিন চাহিদা পাঠাচ্ছে। আকস্মিক এই বিপুল চাহিদা বৃদ্ধির কারণে পাম্পগুলোর চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না’, তেল সরবরাহে সীমাবদ্ধতার কথা স্বীকার করেছেন মেঘনা ডিপোর ইনচার্জ জাকির হোসেন পাটোয়ারী।

    শেয়ার করুন: