মাদারীপুর
চেয়ার নিয়ে তর্ক গড়াল সংঘর্ষে, বাড়িঘরে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

ছবিঃ আগামীর সময়
মাদারীপুর পৌর শহরে ইতালি প্রবাসী মো. মামুনের বিয়ের খবর ছড়িয়েছে শহরজুড়ে। কারণ দুইপক্ষের সংঘর্ষে উৎকণ্ঠার রাত কাটাতে হয়েছে শহরবাসীকে, যার সূত্রপাত ওই বিয়ের অনুষ্ঠান থেকে। সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে, ভাঙা হয়েছে কয়েকটি বাড়ি।
রোববার (২৯ মার্চ) রাতে পৌর শহরের থানতলী এলাকায় শুরু হয় সংঘর্ষ, যা চলে ভোররাত অব্দি। তবে ঘটনা শুরু হয় শনিবার দুপুরে, প্লানেট কমিউনিটি সেন্টারে। সেখানে চলছিল মামুনের বিয়ের অনুষ্ঠান।
স্থানীয় ও সদর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, ওই অনুষ্ঠানে চেয়ার নিয়ে বসা নিয়ে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খান এবং পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে তর্কাতর্কি হয়। উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসাও করে দেন। রোববার সন্ধ্যায় পাকদী এলাকায় ফের মুখোমুখি হন আকিব ও মঈন। সঙ্গে ছিল তাদের সমর্থকরা। আবারও হয় তর্কাতর্কি, যা রূপ নেয় সংঘর্ষে।
এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত ৯টার দিকে আবারও দুইপক্ষ সংঘর্ষে জড়ায়। ভাঙচুর করা হয় আশপাশের অন্তত ১৫টি বাড়ি। থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলেও ভোররাতে আবার শুরু হয় সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে অন্তত দশজন আহত হন।
আকিব খানের দাবি, মঈনের লোকজন তার বাড়িঘরে প্রথমে হামলা চালায়।
‘মঈনের লোকজন আমার বাড়িঘরে হামলা চালালে বাঁধা দিতে যায় আমার লোকজনের ওপর হামলা করে। আমার বেশ কয়েকজন লোক আহত হয়েছে। আমরা এই ঘটনার বিচার চাই।’
মঈনের পাল্টা অভিযোগ, ‘আমরা আকিবকে (বিয়ের অনুষ্ঠানে) চেয়ার থেকে একটু সরে বসতে বলায় আমাদের উপর আক্রমণ করে আকিব খানের লোকজন। আমরা এর বিচার চাই।’
ঘটনাটিকে ‘দুই কিশোর গ্যাং’- এর সংঘর্ষ বলছে থানা পুলিশ। টিয়ারশেল নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়েছে।
‘এলাকায় পরিস্থিতি থমথমে, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’- জানালেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

