মৌলভীবাজারের ৪ আসনে ভোট ৫১.২৭ শতাংশ

ছবিঃ আগামীর সময়
মৌলভীবাজার জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। জেলার চারটি সংসদীয় আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলায় মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ৫১ দশমিক ২৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে প্রতিটি কেন্দ্রে তাৎক্ষণিকভাবে ব্যালট গণনার কাজ শুরু হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল জানান, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান ও প্রশাসনের সমন্বিত তৎপরতায় ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।
জেলার চারটি আসন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এ মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি আসনেই ছিল বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা ও দলীয় সমর্থকদের সরব উপস্থিতি।
নির্বাচনকে কেন্দ্র করে জেলা জুড়ে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেন। মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে ছিল সার্বক্ষণিক। ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে ফলাফল গণনা চলমান রয়েছে। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। জেলার সর্বস্তরের জনগণের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবেন।

