আগামীর সময়

পাটুরিয়ায় যাত্রীর ভিড়, লঞ্চ সংকটে ভোগান্তি

পাটুরিয়ায় যাত্রীর ভিড়, লঞ্চ সংকটে ভোগান্তি

ছবিঃ আগামীর সময়

ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট হয়ে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো মানুষ বাড়ি ফিরছে। তবে পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রীর তুলনায় যাত্রীবাহী লঞ্চের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।

বুধবার (১৮ মার্চ) বিকেল পৌনে ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

ঈদ করতে মাগুরা গ্রামের বাড়ি যাচ্ছেন বাবু মিয়া। তিনি ধামরাই উপজেলার শ্রীরামপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। লঞ্চঘাটে আলাপকালে তিনি জানালেন, “আজ দুপুরের পর পোশাক কারখানা ছুটি দিয়েছে। পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভেবেছিলাম একা গেলে তেমন ভোগান্তি হবে না। কিন্তু পাটুরিয়া লঞ্চঘাটে এসে দেখি শুধু যাত্রী আর যাত্রী, অথচ ঘাটে লঞ্চ নেই।’

পরিবার নিয়ে ঈদ করতে বাড়ি যাচ্ছেন আহসান হাবিব। তিনি বলেছেন, নবীনগর থেকে পাটুরিয়া লঞ্চঘাটে আসতে সড়কপথে তেমন ভোগান্তি না হলেও ঘাটে এসে দুর্ভোগে পড়েছেন। যাত্রীর তুলনায় ঘাটে লঞ্চ নেই। একটি লঞ্চ আসামাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে পড়ছেন।



পাটুরিয়া লঞ্চঘাটের সুপারভাইজার মনির খান বললেন, ‘ঈদ উপলক্ষে যাত্রী পারাপারের জন্য আজ ১৮টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। তবে বিকেলে হঠাৎ যাত্রীর চাপ বেড়ে গেছে। লঞ্চঘাটে ভেড়ামাত্রই যাত্রীরা উঠে পড়ছেন।’

    শেয়ার করুন: