আগামীর সময়

ট্রাকচাপায় অটোরিকশার ৫ আরোহী নিহত

ট্রাকচাপায়  অটোরিকশার ৫ আরোহী নিহত

সংগৃহীত ছবি

কুষ্টিয়া সদরে বাইপাস সড়কে ট্রাকচাপায় অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা বলে জানিয়েছেন চৌড়হাস হাইওয়ে পুলিশের ওসি আবু ওবায়েদ।


প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশাটি শহরের কবুরহাট থেকে বাইপাস হয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সেটিকে চাপা দেয়। দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি।


ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর প্রাণ হারান তারাও।


নিহতদের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, আমেনা, কমেলা, জাকারিয়া ও আশরাফুল। এর মধ্যে আমেনা, কমেলা ও জাকারিয়া একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।


হাসপাতালে নিহত একজনের স্বজন জানান, অটোরিকশায় থাকা সবারই বাড়ি কুষ্টিয়ার খাজানগরে। রাজশাহীর বাঘা উপজেলা থেকে খাজানগরে যাচ্ছিল সেটি।


পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করেন। 

হাইওয়ে পুলিশের পরিদর্শক জয়দেব বলেন, ‘ট্রাকের চালক দুর্ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

    শেয়ার করুন: