ঈদে পর্যটক বরণে প্রস্তুত সুন্দরবন

ছবিঃ আগামীর সময়
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম দুই বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং ষাটগম্বুজ মসজিদে দেশি-বিদেশি পর্যটকদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রসহ বিভিন্ন স্পট সাজানো হয়েছে নতুনভাবে। বন বিভাগের তত্ত্বাবধানে করমজল, হারবাড়িয়া, আলীবান্দা ও শরণখোলাসহ জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোতে পর্যটক সুবিধা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বন ও বন্যপ্রাণী রক্ষায় ঈদের ছুটিতেও দায়িত্বে থাকবে বনরক্ষী ও কর্মকর্তারা। কেউ কর্মস্থল ত্যাগ না করে সার্বক্ষণিক নজরদারিতে থাকবে বলে জানা গেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, ঈদকে ঘিরে সুন্দরবনে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বন্যপ্রাণী শিকার ও অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে। পর্যটকবাহী নৌযানগুলোতে অতিরিক্ত যাত্রী বহন না করতে চালকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অন্যদিকে, বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ এলাকাতেও পর্যটক বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে, ঘাস কাটা ও ধোয়া-মোছার কাজ সম্পন্ন হয়েছে।
মসজিদের কাস্টোডিয়ান মো. জায়েদ বলেছেন, প্রতি বছরের মতো এবারও ঈদের দীর্ঘ ছুটিতে বিপুল সংখ্যক পর্যটকের আগমন প্রত্যাশা করা হচ্ছে। ইতোমধ্যে দর্শনার্থীরা আসা শুরু করেছেন। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশও দায়িত্ব পালন করছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, অনুকূল পরিবেশ বজায় থাকলে এবারের ঈদে সুন্দরবন ও ষাটগম্বুজ মসজিদে পর্যটকের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে।

