আগামীর সময়

ব্যাংকে হাজার কোটি টাকা ঋণ চাওয়া ‘প্রধানমন্ত্রীর ভুয়া উপদেষ্টা’ গ্রেপ্তার

ব্যাংকে হাজার কোটি টাকা ঋণ চাওয়া ‘প্রধানমন্ত্রীর ভুয়া উপদেষ্টা’ গ্রেপ্তার

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসা আরিফ মাঈনুদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম তার প্রতারণার বিস্তারিত তুলে ধরেন।

পুলিশ বলছে, আরিফ মাঈনুদ্দিন ভুয়া প্রজ্ঞাপন তৈরি করে নিজেকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করতেন। ওই প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, তিনি গত ১৭ ফেব্রুয়ারি এ দায়িত্ব পেয়েছেন। পরে তিনি এই ভুয়া কাগজপত্র সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে পাঠিয়ে নিজের পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা করেন।

এছাড়া তিনি ভুয়া ভিজিটিং কার্ড ব্যবহার করে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করতেন। পুলিশের বিভিন্ন ইউনিটের কাছে আর্থিক সুবিধা চাওয়া, অফিস বরাদ্দ দাবি করা এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংকের কাছেও চিঠি দেন। এমনকি বাংলাদেশ ব্যাংকের কাছে এক হাজার কোটি টাকা ঋণ চেয়েও আবেদন করেন তিনি।

ডিবির অতিরিক্ত কমিশনার জানান, তার ব্যবহৃত মোবাইল ফোনে অনুসন্ধান করে আরও বহু প্রতারণার তথ্য পাওয়া গেছে। মোবাইল ফরেনসিক বিশ্লেষণের পর আরও ভুক্তভোগীর সন্ধান পাওয়া যেতে পারে। এ ছাড়া কেউ তার প্রতারণার শিকার হয়ে থাকলে আইনি সহায়তার জন্য যোগাযোগ করার আহ্বানও জানানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছেন, গুম কল্যাণ ট্রাস্টের’ সদস্য সচিব পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ের ভুয়া গেজেট, প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি সংবলিত ভিজিটিং কার্ড এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, এর আগেও একটি সাইবার অপরাধের মামলায় তার চার বছরের সাজা হয়েছিল।

সংবাদ সম্মেলনে ঈদকালীন নিরাপত্তা নিয়ে প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার বলেছেন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

    শেয়ার করুন: