আগামীর সময়

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন তারেক রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দিনই সাভারের স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান। শ্রদ্ধা জানানোর পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন এবং মন্তব্য লেখেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে তিনি মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো শেষে পরিদর্শন বইতে সই করে তার মন্তব্য লেখেন।

পরিদর্শন বইয়ের পাতায় দেখা যায়, তারিখের স্থানে আজকের তারিখ লেখা। নামের স্থানে লিখেছেন তারেক রহমান। পদবীর কলামে লিখেন মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

মন্তব্যের কলামে তারেক রহমান লিখেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফ্যাসিবাদী শাসন শোষণের অবসানের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।

তিনি আরও লিখেন, বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নবগঠিত মন্ত্রীসভাসহ আমি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি, যাদের আত্মত্যাগে আমাদের স্বাধীন বাংলাদেশ। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

নবনির্বাচিত প্রধানমন্ত্রী আরো লিখেন, আমি এবং আমরা বিশ্বাস করি, শহীদদের আকাঙ্খা ছিল একটি নিরাপদ মানবিক গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা। শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যই আমরা কাজ শুরু করেছি। আল্লাহ যেন আমাদের জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নের তৌফিক দান করেন। আমি আবারো আল্লাহর দরবারে সকল শহীদের মাগফিরাত কামনা করছি।

এসময় নবনির্বাচিত কমিটির মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: