আগামীর সময়

বাগেরহাট

আইজিপির বাড়িতে নয়, বাইরের সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

আইজিপির বাড়িতে নয়, বাইরের সার্ভিস তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

ছবিঃ আগামীর সময়

বাগেরহাটে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাড়ির বাইরে সার্ভিস তার চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাড়িতে চুরির খবরটি সত্য নয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার।

বুধবার (১৮ মার্চ) দুপুরে পুলিশ সুপার মো. হাছান চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, সোমবার (১৭ মার্চ) সার্ভিস তার চুরির বিষয়টি থানা পুলিশের নজরে এলে অভিযান পরিচালনা করে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া তার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো. চঞ্চল শেখ (৩৮)। তাদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।

পুলিশ সুপার মো. হাছান চৌধুরী বলেন, বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে আইজিপির বাসভবনে চুরির ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে, যা আমাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই-বাছাই ছাড়াই কিছু গণমাধ্যম এ ধরনের তথ্য প্রচার করেছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, প্রকৃত ঘটনা হলো—গত সোমবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। এ সময় বাসার বাইরের দেয়ালসংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়।

    শেয়ার করুন: