আমির হামজাকে জরিমানা

আমির হামজা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দুই মামলায় কুষ্টিয়া–৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজাকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রতিটি মামলায় তিন দিন করে মোট ছয় দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন অনুসন্ধান ও তদন্ত কমিটি এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আব্দুল হাই এ আদেশ দেন। পরে আমির হামজার পক্ষে তার আইনজীবী কাজী তৌফিকুল ইসলাম আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন।
জানা যায়, কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের রাশেদ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি আমির হামজার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় আদালত এই সাজা দেন।
রায়ে উল্লেখ করা হয়, কুষ্টিয়া মডেল থানার মজমপুর গেট, পাঁচ রাস্তার মোড় ও থানা মোড়সহ বিভিন্ন নির্বাচনি এলাকায় সরেজমিন পরিদর্শন করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসেবে সংক্ষিপ্ত আদালত পরিচালনার সময় দেখা যায়, মজমপুর গেটে সাঁটানো আমির হামজার ব্যানারে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও মুদ্রণের তারিখ উল্লেখ নেই।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমির হামজার আইনজীবী তৌফিকুল ইসলাম তুহিন বিষয়টি স্বীকার করেন এবং এটি ভুলবশত হয়েছে বলে আদালতে জবানবন্দি দেন। আদালত একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেন।
রায়ের প্রতিক্রিয়ায় মামলার বাদী রাশেদ আহমেদ বলেন, তিনি রায়ে সন্তুষ্ট হলেও এখনো সব ব্যানার ও পোস্টার অপসারণ হয়নি। বিষয়টি তিনি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছেন।

