থানায় অভিযোগ করায় যুবকের রগ কাটলেন বহিষ্কৃত যুবদল নেতা

থানায় অভিযোগ করায় আরমান হোসেন (৩১) নামে এক যুবকের পায়ের রগ কাটার অভিযোগ বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে। ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পুনিয়ানগর গ্রামের।
গুরুতর আহত আরমান নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগীর অভিযোগ, দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দত্তপাড়া ইউনিয়ন যুবদলের বহিষ্কৃত সদস্য হুমায়ুন কবিরের (৫৫) নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। আরমান পুনিয়ানগর গ্রামের চৌধুরী বাড়ির মৃত আবুল হোসেনের ছেলে।
অভিযুক্ত হুমায়ুন একই গ্রামের ঠাকুর বাড়ির ফজলুল করিমের ছেলে। তার বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৭ আগস্ট তাকে ইউনিয়ন যুবদলের সদস্য পদ থেকে বহিষ্কার করে জেলা যুবদল।
স্থানীয়রা জানান, গত ১৬ ফেব্রুয়ারি সকালে রাস্তার পাশে গাছের ডাল রাখাকে কেন্দ্র করে হুমায়ুনের সাথে আরমানের কথা কাটাকাটি হয়। এর জের ধরে হুমায়ুন তাকে মারধর করে। বিষয়টি চন্দ্রগঞ্জ থানা বিএনপিকে জানালে তারা আইনের আশ্রয় নিতে বলেন। পরে আরমান বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনার দুদিন পর হুমায়ুন দ্বিতীয় দফায় তাকে মারধর করে।
বিষয়টি পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে জানিয়েছেন ভুক্তভোগী আরমান।
আরমানের স্বজনরা জানান, থানায় অভিযোগ করা এবং মন্ত্রীকে বিষয়টি জানানোর কারণে হুমায়ুন আরও ক্ষিপ্ত হয়। দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আরমান। পথে হুমায়ুনের নেতৃত্বে ১০-১২ জন লোকজন তার ওপর পুনরায় আক্রমণ করে। হামলাকারীরা তাকে ইট দিয়ে আঘাত করে এবং ছুরি দিয়ে ডান পায়ে জখম করে। এতে তার পায়ের রগ কাটা যায়। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ও পরে নোয়াখালীর একটি হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।
‘আরমান ও হুমায়ুনের আগে থেকে ঝামেলা আছে। গাছের ডাল নিয়ে হুমায়ুনের সাথে বিরোধ হলে থানায় অভিযোগ করে আরমান। পরে হুমায়ুন দাবি করে আরমান নাকি তাকে মারধর করেছে। আজ আবার হুমায়ুন ক্ষিপ্ত হয়ে আরমানের ওপর হামলা করে। আইন নিজেদের হাতে তুলে নেওয়া ঠিক হয়নি’, বলছিলেন চন্দ্রগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম।

