আগামীর সময়

হাতকড়া উদ্ধার হলেও ছিনিয়ে নেওয়া আসামি এখনো অধরা

হাতকড়া উদ্ধার হলেও ছিনিয়ে নেওয়া আসামি এখনো অধরা

ছবিঃ আগামীর সময়

রাজশাহীর পবা উপজেলার পিল্লাপাড়া মোড়ে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার সাহিদা হক ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে মো. রাসেলকে গ্রেপ্তার করে পবা থানা পুলিশ। তিনি পূর্বশত্রুতার জেরে দায়ের হওয়া একটি মামলার আসামি। ১৬ মার্চ আফসার আলী নামে এক ব্যক্তি মামলাটি করেন।

গ্রেপ্তারের পর রাসেলের স্বজন ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। একপর্যায়ে তারা পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে হাতকড়া পরা অবস্থায় রাসেলকে ছিনিয়ে নেয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে প্রায় দুই ঘণ্টা পর একটি বিল থেকে হাতকড়া উদ্ধার করে। তবে আসামি রাসেল এখনো পলাতক।

স্থানীয়দের দাবি, মধ্যস্থতার মাধ্যমে হাতকড়ার চাবি দেওয়া হয়েছিল। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, হাতকড়া উদ্ধার হয়েছে, তবে চাবি দেওয়ার বিষয়টি সঠিক নয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    শেয়ার করুন: