ঈদযাত্রায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি টাকা

সংগৃহীত ছবি
ঈদুল ফিতর সামনে রেখে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা।
এছাড়াও মহাসড়কের টাঙ্গাইলের অংশে যানজট নিরসনে জেলা পুলিশের প্রায় ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছেন। জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশও যানজট নিরসনে কাজ করছেন।
মঙ্গলবার দুপুরে, যানবাহনের চাপ বাড়লেও কোনও যানজটের সৃষ্টি হয়নি। এতে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ।
মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যানবাহনের চাপ বাড়লেও যানজটের সৃষ্টি হয়নি৷ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছে।
পুলিশ জানায়, সোমবার বিকাল থেকে ছুটি শুরু হয়েছে। এতে মহাসড়ক বাড়ছে যানবাহনের চাপ৷ এছাড়া গার্মেন্টসের ছুটি হলে মহাসড়কে চাপ আরও বাড়বে।
ঈদ সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আশ্বস্ত করছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। মহাসড়কে যানজট নিরসনে জেলা পুলিশের ৮ শতাধিক সদস্য দায়িত্ব পালন করছে৷ মহাসড়কে ৩টি শিফটে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। জেলা পুলিশের সঙ্গে হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করছে। আশা করছি মহাসড়কে যানজট হবে না। যানজট হলে তা নিরসনে আমাদের প্রস্ততি রয়েছে৷’

