কৃষকদের স্বাবলম্বী করাই সরকারের মূলনীতি : কৃষিমন্ত্রী

ছবি: আগামীর সময়
কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের মূলনীতি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেছেন, ‘ধান ফলাতে কৃষকদের অনেক কষ্ট করতে হয়। আমি নিজেও একজন কৃষক। আমার ধান এভাবে পানিতে পচে গেলে আমিও সেই কষ্ট বুঝতে পারতাম।’
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার মেদির হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী।
আজ দুপুরে নাসিরনগর ডাকবাংলো এলাকায় পৌঁছান কৃষিমন্ত্রী। পরে স্থানীয় কৃষকরা নিজেদের দুর্ভোগ ও ক্ষতির কথা তুলে ধরেন তার কাছে। এ সময় কৃষকদের কষ্টের কথা শোনেন এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন তিনি।
আমিন উর রশিদ বলেছেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় এখনো ধান কাটা চলছে। এই সরকার কৃষকদের প্রতি আস্থা রাখে। দেশের ৭৫ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। ধান শুকিয়ে উপযুক্ত অবস্থায় এলে সরকার তা ক্রয় করবে।’
ধান সংগ্রহ প্রসঙ্গে মন্ত্রী বলেছেন, ‘কৃষকদের ধান শুকানোর জন্য সময় দেওয়ার পাশাপাশি জেলা ও ইউনিয়ন পর্যায়ে মাইকিং করে সরাসরি ধান কেনার উদ্যোগ নেওয়া হবে।’
বিকেল ৪টায় নাসিরনগর শহীদ মিনার চত্বরে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেবেন মন্ত্রী। একই সঙ্গে পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে আর্থিক সহায়তাও দেবেন কৃষিমন্ত্রী।



