আগামীর সময়

মুন্সিগঞ্জে নদীতে নিখোঁজের পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে নদীতে নিখোঁজের পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

মুন্সিগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর শাখায় রবিবার গোসল করতে নেমে নিখোঁজ হয় আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র। 

পরে সোমবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে নলবুনিয়াকান্ডি এলাকার গুদারাঘাট সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবির মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ও উপজেলার সৈয়দপুর এলাকার মো. আকতার হোসেনের ছেলে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ডুবুরি দল লাশটি উদ্ধার করে।

‘চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নেমে আবির নিখোঁজ হয়। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে সকাল ১০টার দিকে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে,’ বর্ণনা করলেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

    শেয়ার করুন: