আগামীর সময়

কালীপূজা দিয়ে বাড়ি ফেরার পথে বাস উল্টে প্রাণ গেল নারীর

কালীপূজা দিয়ে বাড়ি ফেরার পথে বাস উল্টে প্রাণ গেল নারীর

ছবিঃ আগামীর সময়

বরিশালের গৌরনদীতে কালী মন্দিরে পূজা দিয়ে বাড়ি ফেরার পথে বাস উল্টে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ বাস যাত্রী।

রবিবার (২৯ মার্চ) ভোরে উপ‌জেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ইতি চক্রবর্তী (৩৫)। তিনি বরিশাল নগরীর কাউনিয়া এলাকার গুরুদাস চক্রবর্তীর স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে গর্তে পড়ে যায়। এতে ১০ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎস ইতি চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে উপমা চক্রবর্তী জানান, ‌শনিবার রাতে গৌরনদীর বার্থী কালী ম‌ন্দিরে বাৎস‌রিক কালীপূজায় অংশ নিতে যান তার মা। সারা রাত কালীর আরাধনা শেষে ভোরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

গৌরনদী হাইওয়ে থানা পুলি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানিয়েছেন, ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ হাসপাতকালের মর্গে আছে।  এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    শেয়ার করুন: