সীমান্তে বিজিবির অভিযান, ৯৬ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোররাত আড়াইটার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন মুকুন্দপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পিলার ২০০৮/১-এস থেকে প্রায় ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজয়নগর উপজেলার কামালমোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি বাঁশঝাড়ের ভেতরে মাটির নিচে পাতা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ পিস ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়।
জব্দ করা শাড়িগুলোর আনুমানিক সিজার মূল্য ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ উল্লেখ করেন, উদ্ধার করা শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।




