ভোটের ছুটিতে চট্টগ্রাম বন্দর

সংগৃহীত ছবি
নির্বাচনে ভোট প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে আজ (১১ ফেব্রুয়ারি) বুধবার ৮টা থেকে ১৩ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৮টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ থাকবে। এই ছুটি চট্টগ্রাম বন্দরের মূল এলাকা ছাড়াও পানগাঁও আইসিটি এবং ঢাকা আইসিডির সকল অপারেশনাল কর্মস্থলের জন্য প্রযোজ্য হবে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক দপ্তর আদেশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, ৪৮ ঘণ্টার ছুটি থাকলেও বন্দরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে বিশেষ কিছু ব্যবস্থা রাখা হয়েছে।
এতে জানানো হয়, খাদ্যদ্রব্য, ত্রাণ এবং অন্যান্য অতি জরুরি পণ্য খালাস ও বাণিজ্যিক কার্যক্রম বজায় রাখার লক্ষ্যে শুল্ক বিভাগ ও বন্দর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং বিধি মোতাবেক অতিরিক্ত মাশুল (চার্জ) প্রদান সাপেক্ষে জাহাজ বা লাইটারে পণ্য হ্যান্ডলিং কাজ চালানো যাবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের পূর্বেই পরিচালক (ট্রাফিক) বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করতে হবে। এছাড়া বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও ট্রাফিক বিভাগকে গতিশীল রাখতে পানগাঁও ও ঢাকা আইসিডিতে পর্যাপ্ত জনবল ও বুকিংয়ের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
আমদানি-রফতানি ও ব্যাংকিং কার্যক্রম সচল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমোদিত ব্যাংকসমূহ (সোনালী, জনতা, ওয়ান ব্যাংক ইত্যাদি), কাস্টমস হাউসের সংশ্লিষ্ট শাখা এবং সকল প্রাইভেট ডিপোসমূহকে প্রয়োজনীয় জনবল নিয়োজিত রেখে খোলা রাখার অনুরোধ জানানো হয়েছে।

