পাবনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৩

ছবিঃ আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ঈশ্বরদী উপজেলার তিন এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার জানান জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঈশ্বরদীর পাকশী মেরিন পাড়ার ২০ বছরের মো. শাহিন, দিয়ার বাঘইলের ৪৭ বছরে প্রামাণিক ও মানিকনগর এলাকার ৩৩ বছরের মমিনুর ইসলাম খোকন।
পুলিশ জানায়, একটি পেশাদার অপরাধী চক্র বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র বহন করছে বলে তথ্য ছিল। এর ভিত্তিতে মঙ্গলবার সকালে ঈশ্বরদীর পাকশী মেরিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি সেলফ লোডেড (এসএলআর) রাইফেল, পয়েন্ট ২২ রাইফেল, একনালা বন্দুক, ৭ রাউন্ড গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
পরে উপজেলার দিয়ার বাঘইল এলাকায় অভিযান চালিয়ে শাহিনের সহযোগী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়। একইদিন আরেক অভিযানে উপজেলার মানিকনগর থেকে মমিনুর ইসলাম খোকনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
তার থেকে জব্দ করা হয় একটি ৯ এমএম ও একটি ৭.৬৫ এমএম লোডেড পিস্তল ও ৪১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
এসপি আনোয়ার বলেন, 'তারা পেশাদারা সন্ত্রাসী। এসব আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মূলত বিশৃঙ্খলা তৈরি করে জনমনে ভীতি বা আতঙ্ক সৃষ্টি করে থাকে। এই চক্র সম্পর্কে আমাদের কাছে গোপন তথ্য ছিল। প্রায় সপ্তাহখানেক ধরে গোয়েন্দা পুলিশের তদন্ত ও অভিযান শেষে তাদের গ্রেপ্তার করা হয়।'
নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা সৃষ্টিতে তাদের কোনো পরিকল্পনা ছিল কিনা তা নিশ্চিত করেনি পুলিশ। তবে এই চক্রের সঙ্গে জড়িত 'রাঘববোয়ালদের' আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান এসপি আনোয়ার জাহিদ।

