জমিসংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে জখম

ছবি: প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবা, ছেলে ও ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ সামচু শেখ ও তার লোকজনের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শিরখাড়া ইউনিয়নের সোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোনাপাড়া গ্রামের আকবর ফকির (৫০) তার ফসলি জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজনের জমি দখল করার জন্য দেশীয় অস্ত্রসহ সেখানে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সামচু শেখের নেতৃত্বে কয়েকজন তার ওপর হামলা চালায়।
এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন আকবর ফকির। পরে চিৎকার শুনে এগিয়ে আসেন তার ভাই নুরুদ্দিন ফকির। এসময় সামচু আর ইলিয়াস ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পরে যান নুরুদ্দিন।
পরে নুরুদ্দিনের ছেলে সেলিম (৩২) তার বাবাকে বাচাতে এলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
আহত সেলিম ফকির বলেন, সামচু শেখ আমাদের জমি দখলের উদ্দেশ্যে আগে থেকেই বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তারা খারাপ লোক হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি। আজকে আমাদের জমিতে ফসল করতে গেলে সামসুর নেতৃত্বে তার লোকজন জমি দখলের উদ্দেশে আসে। আমরা বাধা দিলে তারা হামলা করে। আমরা এখন নিরাপত্তাহীনতা ভুগছি। প্রশাসনের কাছে নিরাপত্তা ও সুষ্ঠু বিচার চাই।
ভুক্তভোগী আকবর ফকিরের ভাষ্য, সামসু আমাদের ওপর হামলা করে থেমে যায়নি। এখন আবার প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে নিরাপত্তা ওসঠিক বিচার চাই।
অভিযুক্ত সামচু শেখের মোবাইলে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।
অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করলেন মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

