ডাকাতি হওয়া ট্রাক ও মালামাল উদ্ধার, আটক ২

ছবি: আগামীর সময়
বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে ডাকাতি হওয়া ট্রাক ও তাতে থাকা মালামাল উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে দুজনকে। আজ শুক্রবার ভোরে উপজেলার মূলঘর এলাকার পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার করা হয় ট্রাকটি।
আটক ব্যক্তিরা হলেন— উপজেলার পাগলা উত্তরপাড়া এলাকার মো. জয়নাল আবেদিন (৩৮) এবং নলধা গ্রামের মো. জুয়েল শিকদার (৩২)। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র থেকে কেনা পরিত্যক্ত অ্যালুমিনিয়াম নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল ট্রাকটি। সাড়ে ১৩ লাখ টাকায় সেগুলো কিনেছিলেন রামপালের মনিরুল ইসলাম, কামরুল শেখ ও শামিম হাসান। গতকাল সন্ধ্যায় ট্রাকে মালামাল তুলে চট্টগ্রামের দিকে রওনা দেন তারা।
‘রাত ১টার দিকে ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় পৌঁছালে ট্রাক আটকায় ১৫ থেকে ১৬ জনের একটি ডাকাতদল। চালক ও সঙ্গে থাকা ব্যক্তিদের ভয় দেখিয়ে নামিয়ে দেয় তারা। ছিনিয়ে নিয়ে যায় ট্রাকটি। খবর পেয়ে অভিযান শুরু করে পুলিশ’- বললেন ওসি।
অন্য আসামিদের আটক করতে অভিযান ও মামলার প্রস্তুতি চলছে- জানালেন তিনি।



