আগামীর সময়

নারায়ণগঞ্জ

কৃষকদল নেতার বাড়িতে ‘লীগের হামলা’, ১৯ জনের নামে মামলা

কৃষকদল নেতার বাড়িতে ‘লীগের হামলা’, ১৯ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ অভিযোগে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০-২৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হয়েছে মামলা।

তবে আসামিদের দাবি, চাঁদা না পাওয়ায় তাদের ওপর হয়েছে হামলা-মামলা।

ফয়সালের ছোট ভাই রায়হাতুল মাহমুদ বুধবার এই মামলা করেন। তাদের বাড়ি উপজেলার গোদনাইল বাগপাড়া এলাকায়।

এজাহারে বলা হয়েছে, কৃষকদল নেতা সাইফুদ্দিনের রাজনৈতিক সহযোগী সজীব কাজীকে পূর্ব শত্রুতার জেরে মঙ্গলবার দুপুরে মারধর করে আসামিরা। ফয়সাল গিয়ে তাকে উদ্ধার করেন। এর জেরে রাতে আসামিরা ফয়সালের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। মারধর করা হয় ফয়সালের ভাই রায়হাতুলকে।

মামলার আসামিরা হলেন, দেলোয়ার হোসেন ভূইয়া (৬০), ইরফান ভূইয়া (২৭), ইয়ার হোসেন ভূইয়া (৫৮), ইমন ভূইয়া (২৫), মেজবা ভূইয়া (৩১), আক্তার হোসেন ভূইয়া (৩৫), ফয়সাল ভূইয়া (৩০), রেজাউল করিম (৪৮), শিমুল হোসেন গিট্টু (২৯), মনির ভূইয়া (৪৭), আলাল ভূইয়া (৩৮), তৌহিদ ভূইয়া (৪০), জনি হোসেন (৩০), মনির ওরফে সুটার মনির (৪০), সোহেল (২৮), আলাউদ্দিন (৩৫), মো. ফারুক (৫২), মৌসুমী ভূইয়া (৫০), সিনহা আফরিন ভূইয়া (২২)।

ফয়সালের ভাষ্য, ‘আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের দোসর। তাদের অনেকের বিরুদ্ধে জুলাই মাসের হত্যা মামলাও আছে।’

তবে মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন ভূঁইয়া অভিযোগ অস্বীকার করেছেন। 

‘বেশ কিছুদিন ধরে ফয়সাল ও তার লোকজন আমার ড্রেজারের ব্যবসা থেকে চাঁদা দাবি করে আসছিল। মঙ্গলবার এ বিষয়ে থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে ফয়সালের লোকজন আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাতিজা ফয়সাল, মেজবা ও আকাশ গুরুতর আহত হয়। নিজেদের অভিযোগ আড়াল করতে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে’- দাবি দেলোয়ারের।

আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানালেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।

    শেয়ার করুন: