ময়মনসিংহে দীপু হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

ফাইল ছবি
ময়মনসিংহের ভালুকায় পোশাকশ্রমিক দীপু চন্দ্র দাসকে (২৭) হত্যার ঘটনায় আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মো. বাবলু মিয়া (২৪) ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রের খবর, ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ কার্যক্রম গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল রাত ১১টার দিকে ভালুকা থানার ডুবালিয়াপাড়া এলাকা থেকে বাবলু মিয়াকে গ্রেপ্তার করা হল।
গ্রেপ্তার বাবলু ঘটনাস্থলে উপস্থিত থেকে কারখানার গেটে লোক জড়ো করার মূল ভূমিকা পালন করেছে বলে জানাচ্ছে পুলিশ। প্রথমে কারখানার গেটে লোক সমবেত করে স্লোগানের মাধ্যমে জনতাকে উত্তেজিত ও একত্র করেন। পরে দীপু চন্দ্র দাসকে গেটের সামনে মারধর করে হত্যা এবং মরদেহ মহাসড়কে নিয়ে উত্তেজিত জনতার মাধ্যমে নির্যাতনে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল মামুন বললেন, দীপু চন্দ্র দাস হত্যায় গুরুত্বপূর্ণ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হল।

