বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ

সংগৃহীত ছবি
বাগেরহাটে যুবদল নেতা মো. আলীমুজ্জামান রানার বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী।
আলীমুজ্জামান বলেন, রবিবার রাতের খাবার খেয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত এসে আমার বাড়িতে ঢুকে কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তেই আগুন ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে পুড়ে যায়। আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্র, বিভিন্ন মালামালসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, আগুনে ঘর ও রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় একটি পক্ষের সঙ্গে বিরোধ পুরোনো। রানা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

