গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পলাতক শ্বশুর-শাশুড়ি

মাদারীপুর সদর উপজেলায় বসত ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ মার্চ) সকালে উপজেলার পাঁচখোলা ইউনিয়নের উত্তর মহিষেরচর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
মারা যাওয়া ওই গৃহবধূর নাম সাথী খান (২২)। তিনি একই এলাকার অহিদুল খানের মেয়ে।
স্থানীয়রা জানায়, অল্প কিছুদিন আগে ভালোবেসে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাসিন্দা কাইয়ুম বেপারীকে বিয়ে করেন তিনি। বর্তমানে কাইয়ুম বেপারী ইতালি যাওয়ার উদ্দেশ্যে দেশ ছেড়ে লিবিয়ায় অবস্থান করছেন।
অভিযোগ রয়েছে, স্বামীর অনুপস্থিতিতে সাথীকে প্রায়ই শারীরিকভাবে নির্যাতন করতেন তার শ্বশুর গোলাম বেপারী। মৃত্যুর আগেও তাকে মারধর করা হয়েছে বলে স্থানীয়দের দাবি।
রবিবার সকালে ঘরের ভেতরে সাথীর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় কয়েকজন অভিযোগ করে বলেন, টাকার জন্য দীর্ঘদিন ধরে সাথীকে নির্যাতন করছিল তার শ্বশুর।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শ্বশুর গোলাম বেপারীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরিবারের অন্য সদস্যদের কাছ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

