ঠাকুরগাঁও
নিয়োগ পরীক্ষার কাগজ কেড়ে নেয়া বিএনপি নেতার নামে মামলা

সংগৃহীত ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে ‘মব করে’ নিয়োগ পরীক্ষার কাগজ ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে। শুক্রবার রাতে জামাল উদ্দিন নামের ওই নেতাকে আসামি করে নিয়োগ পরীক্ষার সদস্যসচিব হারুন অর রশিদ মামলা করেছেন।
হরিপুর থানায় করা মামলার প্রধান আসামি জামাল হলেন উপজেলা বিএনপির সভাপতি। আসামি করা হয়েছে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩৫ থেকে ৪০ জনকে। তাদের বিরুদ্ধে আনা হয়েছে সরকারি কাজে বাধা, চাঁদা দাবি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ।
উপজেলায় মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার ভাইভা চলাকালে শুক্রবার বিকালে ঘটে সেই ঘটনা।
ইউএনও রায়হানুল ইসলাম বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন। এছাড়া ঘটনার সময়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে ফেসবুকে।
ইউএনও-এর ভাষ্য, যথাযথ নিয়ম মেনে লিখিত পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নিরীক্ষকরা ভাইভা নেওয়া শুরু করলে বিএনপি সভাপতি ও তার সহযোগীরা তার রুমে প্রবেশ করে হট্টগোল করেন। ছিনিয়ে নেন পরীক্ষার সব কাগজপত্র।
উপজেলা বিএনপি সভাপতি জামালের পাল্টা অভিযোগ, ‘আমাদের কাছে তথ্য ছিল ইউএনও নিয়োগের জন্য পয়সা লেনদেন করেছেন। কার্যালয়ের দরজা বন্ধ করে তিনি চারজনের নিয়োগ পরীক্ষা নিচ্ছিলেন।’
এর প্রতিবাদ জানাতে তিনি ও তার কর্মীরা ইউএনও-এর কক্ষে গেলে বাঁধে হট্টগোল।এক পর্যায়ে তার কর্মীরা কাগজগুলো নিয়ে যায়। পরে সেগুলো আবার ইউএনও অফিসে ফেলে আসা হয়- দাবি জামালের।
তবে কাগজগুলো এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন ইউএনও রায়হানুল ইসলাম। সেসব উদ্ধারে একাধিক স্থানে খোঁজাখুঁজি চলছে বলে জানালেন হরিপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শরীফুল ইসলাম।

