এমপির বহরের গাড়ির চাপায় শিশু নিহত

সংগৃহীত ছবি
কক্সবাজার-২ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের একটি গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে চকরিয়া উপজেলার বদরখালীর আহমদ কবিরের ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুতুবদিয়া থেকে ফেরার পথে সংসদ সদস্য আলমগীর ফরিদের গাড়িবহরটি বদরখালীর ওই এলাকা অতিক্রম করছিল। এ সময় বহরের তিন নম্বর গাড়িটি একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর তিনজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাড়িবহরে থাকা শিক্ষক ফারুক ইকবাল জানান, সংসদ সদস্যের বহরের তিন নম্বর গাড়িটি এই দুর্ঘটনার শিকার হয়। আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও তিনি জানান।

