বিএনপি নেতাকর্মীদের বাধায় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি রুমিন ফারহানা

ছবি: ভিডিও থেকে নেওয়া
একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের ২ ইউনিয়নের) সংসদ সদস্য রুমিন ফারহানা। এসময় বিএনপির একদল নেতাকর্মী তার পুষ্পস্তবক ছিঁড়ে ফেলে বলে অভিযোগ উঠেছে। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে শ্রদ্ধা না জানিয়ে কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাত পৌনে ১২টার দিকে শহীদ মিনার প্রাঙ্গণে এসে পৌঁছান রুমিন ফারহানা। পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদীর সামনে কর্মী-সমর্থকদের নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির নেতাকর্মীরা।
এ ঘটনার প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, বিএনপির কিছু নেতাকর্মী পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়। ভিডিওতে সবকিছু স্পষ্ট আছে।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এর পরিণতি ভয়াবহ হবে। তাই যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে, তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায়ে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। না হলে দলের জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনই সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।
এদিকে এ ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকা ও বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এ সময় তারা সড়কের ওপর আগুন জ্বালিয়ে এ ঘটনার বিচার দাবি করেন।

