যশোরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

প্রতীকী ছবি
যশোর সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া বেলতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রশিদ (৫০)। তিনি সদর উপজেলার জোত রহিমপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।
দুর্ঘটনায় গুরুতর আহত যুবকের নাম অন্তর (২৪)। তিনি একই উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুর রশিদ মোটরসাইকেলযোগে যশোর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পাঁচবাড়িয়া বেলতলায় পৌঁছালে বিপরীত দিক থেকে খাজুরার দিকে যাওয়া অন্তরের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।
ঘটনার পর দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্তর বর্তমানে চিকিৎসাধীন।

