আগামীর সময়

লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন গ্রেনেড, অতঃপর...

লোহা ভেবে বাড়িতে নিয়ে আসেন গ্রেনেড, অতঃপর...

সংগৃহীত ছবি

নরসিংদীর মনোহরদীতে একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। মাছ ধরতে গিয়ে এটি পান এক নারী। লোহা ভেবে তিনি সেটি বাড়িতে নিয়ে আসেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার দিগাকান্দি এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে। পরে নিশ্চিত হয়, এটি একটি গ্রেনেড।

স্থানীয়রা জানান, এলাকার একটি বিলে মাছ ধরতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান এক নারী। তিনি সেটিকে লোহা মনে করে বাড়িতে নিয়ে আসেন। পরে প্রতিবেশীরা বস্তুটি দেখে সন্দেহ করেন এবং পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে স্থানীয়দের ঘটনাস্থল থেকে দূরে থাকতে বলা হয়। পরে র‍্যাব ও অতিরিক্ত পুলিশ সদস্যরাও সেখানে উপস্থিত হন।

সারারাত গ্রেনেডটি পুলিশের কড়া পাহারায় রাখা হয়।

মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বলেছেন, ‘গ্রেনেডটি নিরাপদে নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়করণ (বোম ডিসপোজাল) ইউনিট আনা হচ্ছে।’

তিনি আরও বলেছেন, ‘বর্তমানে গ্রেনেডটি থানা হেফাজতে রাখা হয়েছে। এটি কীভাবে বিলে এলো এবং এর পেছনে কোনো নাশকতার উদ্দেশ্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

    শেয়ার করুন: