ডাকাতের আস্তানায় মিলল হাত-পা বাঁধা জেলে

ছবিঃ আগামীর সময়
সুন্দরবনের জোনাব বাহিনীর হাতে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড।
সোমবার দিবাগত রাতে সুন্দরবনের খড়কুড়িয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
এর আগে গত রবিবার জেলে বহর থেকে মজিবর গাজীকে অপহরণ করে জোনাব বাহিনী।
উদ্ধার হওয়া জেলের নাম মজিবর গাজী (৫০)। তিনি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ডাকাতদের আস্তানা থেকে জিম্মি অবস্থায় মজিবর গাজীকে উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জোনাব বাহিনীর সদস্যরা জেলেকে ফেলে দ্রুত বনের ভেতরে পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধার জেলেকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

